অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পুরুলিয়া জুড়ে তীব্র ক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ করে মহিলাদের বিক্ষোভ
পুরুলিয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলা এবং আবেদন জমা দেওয়ার পরও অ্যাকাউন্টে ভাতা না পৌঁছানোর অভিযোগে এবার পুরুলিয়া জুড়ে তীব্র প্রতিবাদে নামলেন আবেদনকারী মহিলারা। শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হন বঞ্চিত উপভোক্তারা।
এ দিন পুরুলিয়া-বাঁকুড়া ৬০ (এ) জাতীয় সড়কের পুরুলিয়া রেনিরোড এলাকায় সড়ক অবরোধ করে সোচ্চার হন মহিলারা। ব্যস্ততম এই জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় রাস্তার দু'পাশে বেশ কিছু সময় আটকে পড়ে বহু দূরপাল্লার ও জরুরি পরিষেবার যানবাহন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ বাহিনী এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
অন্যদিকে, পুরুলিয়া শহরের নডিহা মিষ্টি মহল এলাকাতেও পৃথকভাবে আন্দোলনে সামিল হয় মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, দু'-তিন মাস আগে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই সমস্ত নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন তাঁরা। তবে সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আজ পর্যন্ত কারও অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। ঘটনাস্থলে পৌঁছায় ডিএসপিডিএনটি সদর থানার পুলিশ।
উপভোক্তাদের আরও দাবি, সমস্যা সমাধানের জন্য পুরসভা ও প্রশাসনিক দপ্তরগুলোতে বারবার যোগাযোগ করা সত্ত্বেও কোনো ফল মেলেনি। টানা প্রশাসনিক উদাসীনতার কারণেই বাধ্য হয়ে তাঁরা জাতীয় সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। দ্রুত ভাতা প্রদানের আশ্বাস ও স্থায়ী সমাধান না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ মহিলারা।