যুবির ঝড়ো ব্যাটিং, লেজেন্ডদের দাপট! অস্ট্রেলিয়াকে ৪৬ রানে হারিয়ে জয়ের মঞ্চে ভারত!
ব্যাট হাতে যুবরাজের ঝড়, বল হাতে বোলারদের দাপট, লেজেন্ড লিগ সিজন ৩-এ দুর্দান্ত জয় তুলে নিল ভারত চ্যাম্পিয়ন দল!
ক্রিকেটের পুরনো দিনের সেই রোমাঞ্চ যেন পুনরায় ফিরে এল। ব্যাট হাতে যুবরাজ সিংয়ের বিধ্বংসী ব্যাটিং, সাথে ইউসুফ পাঠান ও ঋষি ধাওয়ানের ঝোড়ো ব্যাটিং—সব মিলিয়ে অস্ট্রেলিয়ার সামনে ১৯৭ রানের কঠিন লক্ষ্য দেয় ভারত। শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের দুরন্ত বোলিং এর সামনে মাত্র ১৬.২ ওভারে ১৫০ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ভারত পেল ৪৬ রানের দুর্দান্ত জয় ছিনিয়ে নেয়।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। শুরু থেকেই বড় রানের লক্ষ্য মাত্র নিয়ে এগোতে থাকে দল। ইনিংসের প্রধান আকর্ষণ হয়ে ওঠেন যুবরাজ সিং।
পুরনো দিনের সেই পরিচিত আগ্রাসী মেজাজে ব্যাট করতে নেমে মাত্র ৪৪ বলে ৭১ রান করেন যুবরাজ। তাঁর ব্যাট থেকে আসে একের পর এক দৃষ্টিনন্দন শট ও ছক্কার ফুলঝুরি। তাঁর এই বিধ্বংসী ইনিংসই ভারতের বড় স্কোরের ভিত গড়ে দেয়।
যুবরাজের পাশাপাশি ইউসুফ পাঠান মাত্র ২০ বলে করেন ৩৭ রান। শেষদিকে ঝড় তোলেন ঋষি ধাওয়ান, মাত্র ১২ বলে অপরাজিত ৩৫ রান করে ভারতের স্কোরকে আরও বড় করে তোলেন। ওপেনার নমন ওঝা-ও গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৬ বলে তাঁর ব্যাট থেকে আসে ৩১ রান।
সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে ভারত।
১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই আগ্রাসী ব্যাটিং করে অস্ট্রেলিয়া। বিশেষ করে ডি'আর্সি শর্ট ভারতীয় বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করেন। মাত্র ২৮ বলে ৬৫ রান করে ম্যাচ জমিয়ে দেন তিনি।
তাঁকে সঙ্গ দেন বার্নস, যিনি ৩২ বলে করেন ৪৫ রান। একটা সময় মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া ম্যাচে জিতে যাবে। তবে সেখানেই ম্যাচের রং বদলে দেন ভারতের বোলাররা।
অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন ধবল কুলকার্নি। দুর্দান্ত বোলিং করে মাত্র ৪ ওভারে ৪৪ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট।
তাঁকে যোগ্য সঙ্গ দেন মোহিত শর্মা। ৩ ওভারে ৩২ রান দিয়ে তাঁর ঝুলিতে আসে ৩টি উইকেট।
এছাড়াও পীযূষ চাওলা ৩.২ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ২ উইকেট, আর হরভজন সিং ৩ ওভারে ৩৭ রান দিয়ে তুলে নেন ১টি উইকেট।
ভারতীয় বোলারদের একের পর এক আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। শেষ পর্যন্ত মাত্র ১৬.২ ওভারে ১৫০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। আর ভারত জিতে যায় ৪৬ রানের বড় ব্যবধানে।