সাংবাদিক ও ইতিহাসচর্চায় ইন্দ্রজিত মুখোপাধ্যায়
প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবন ও ইতিহাসচর্চার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একটি পরিচিত নাম ইন্দ্রজিত মুখোপাধ্যায়। ১৯৪৬ সালে বাংলার এক প্রযুক্তিবিদ পরিবারে তাঁর জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশুদ্ধ বিজ্ঞান নিয়ে স্নাতক হওয়ার পর আইন বিষয়ে পড়াশোনা করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি দিয়ে মেরিল্যান্ডের বোয়ি স্টেট কলেজে অধ্যয়ন করেন।
দেশে ফিরে তাঁর পেশাগত জীবনের সূচনা সাংবাদিকতা দিয়ে। তিনি The Times of India এবং পরবর্তীতে The Indian Express গোষ্ঠীতে কর্মরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস, রাজনীতি ও সমাজ নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করে আসছেন। বিশেষ করে নেতাজী সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর গবেষণা ও গ্রন্থ রচনা উল্লেখযোগ্য। তাঁর প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘নেতাজীর সম্পদ রহস্য’, ‘নতুন ভারতের খোঁজে’ এবং ইংরেজি গ্রন্থ India In Search Of Democracy।
দেশ-বিদেশের রাজনৈতিক ও সামাজিক ঘটনাপ্রবাহের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ বিস্তৃত। ঢাকায় ভারতকে প্রতিনিধিত্ব করে সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তাঁর কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
সাংবাদিকতা ও ইতিহাসচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৬ সালে দিল্লির The Media Council of India থেকে ‘Best Historian and Journalist Award’ এবং ২০১৭ সালে মহাশ্বেতা দেবী স্মৃতি পুরস্কার লাভ করেন।