Type Here to Get Search Results !

শিক্ষার আলোয় সমাজ গড়ার ডাক

শিক্ষার আলোয় সমাজ গড়ার ডাক, পুরুলিয়ায় পড়ুয়াদের সাক্ষরতার র‍্যালি।

মৌসুমী কোলে:পুরুলিয়া:-সারাদেশের পাশাপাশি পুরুলিয়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে দিনটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের।
সাক্ষরতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিকের কার্যালয় থেকে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কার্যালয় পর্যন্ত র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশ নেয় মানভূম মূক ও বধির বিদ্যাপীঠ, মানভূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষায়তন, পুরুলিয়া জেলা স্কুল, নজরুল বালিকা বিদ্যাপীঠ এবং গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ছাত্রছাত্রীরা।
হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে পড়ুয়ারা সাধারণ মানুষের মধ্যে শিক্ষা ও সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে। র‍্যালি শেষে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান।বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে দিনটিকে আরও তাৎপর্য পূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আধিকারিক, জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, বিশিষ্ট সমাজসেবী গৌতম রায়-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক ও শিক্ষক-শিক্ষিকারা সহ বিশিষ্ট জনেরা।
বক্তারা সাক্ষরতার গুরুত্ব তুলে ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের শিক্ষার আওতায় নিয়ে আসার আহ্বান জানান। বিশেষ করে উল্লাস অ্যাপ এর মাধ্যমে নব স্বাক্ষর করে তোলার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানান। তাঁদের বক্তব্যে উঠে আসে—শিক্ষা শুধু পড়তে ও লিখতে শেখায় না, মানুষের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.