Type Here to Get Search Results !

রাধা অষ্টমী উদযাপন

রাধারানীর আবির্ভাব তিথিতে মহোৎসবের আবহ, ভক্তের ঢল মায়াপুর ইসকনে



পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে রাধারানীর শুভ আবির্ভাব তিথি ‘রাধাষ্টমী মহোৎসব’ পালিত হলো আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে। একইসঙ্গে ইসকনের বিশ্বজুড়ে বিভিন্ন শাখা কেন্দ্রেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হল

রাধাষ্টমী উপলক্ষে মায়াপুর ইসকনে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। জাতি, ধর্ম ও বর্ণের বিভাজন ভুলে ভক্তদের মিলনে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা মায়াপুর ইসকন চত্বর। রাধাকৃষ্ণের আরাধনা, বন্দনা, কীর্তন ও ধর্মীয় অনুষ্ঠানে দিনভর ভক্তিময় পরিবেশ তৈরি হয়।

উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক দর্শনার্থী ও ভক্তের উপস্থিতির কথা মাথায় রেখে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে নজরদারি চালানো হয়।

ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, রাধারানীর বন্দনা ও বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ভক্তদের উদ্দেশে তাঁর আবির্ভাব তিথির তাৎপর্য তুলে ধরা হয়। ইসকনের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, প্রায় ৫,২৫৩ বছর আগে পবিত্র রাভালে শ্রীমতি রাধারানীর আবির্ভাব ঘটে। সেই ঐতিহ্য ও ভক্তির ধারাকে বজায় রেখেই মায়াপুরে প্রতিবছর মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন করা হয়।

ইসকনের পক্ষ থেকে রাধা ও কৃষ্ণের আধ্যাত্মিক সম্পর্কের বিশেষ তাৎপর্যও তুলে ধরা হয়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী, রাধা ও কৃষ্ণ একে অপরের থেকে পৃথক নন—‘এক আত্মা, দুই তনু’। ভগবান শ্রীকৃষ্ণের পরম শক্তি ও লীলাসঙ্গিনী হিসেবে শ্রীমতি রাধারানীর আরাধনা বৈষ্ণব ধর্মাচরণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

যেভাবে শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী হিসেবে গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে পালিত হয়, একইভাবে শ্রীমতি রাধারানীর আবির্ভাব তিথি রাধাষ্টমী হিসেবেও বিশ্বজুড়ে বৈষ্ণব ভক্তদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

দেশের বিভিন্ন প্রান্তে জন্মাষ্টমীর তুলনায় রাধাষ্টমীর উদযাপন তুলনামূলকভাবে সীমিত হলেও মায়াপুর-নবদ্বীপের মতো বৈষ্ণব তীর্থভূমিতে রাধাষ্টমী বিশেষ গুরুত্বের সঙ্গে পালিত হয়। মায়াপুর ইসকন থেকে শুরু করে নবদ্বীপের বিভিন্ন মঠ-মন্দিরেও এদিন ভক্তি ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় রাধাষ্টমী মহোৎসব।

রাধারানীর আবির্ভাব তিথিকে কেন্দ্র করে মায়াপুরে ভক্তদের এই বিপুল সমাগম ফের তুলে ধরল বাংলার বৈষ্ণব সংস্কৃতি ও রাধাকৃষ্ণ ভক্তির গভীর ঐতিহ্যকে।
Uploaded Image

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.