লি হেসের ছায়া বালাজি সুরেশ জুটিতে! অসাধারণ কামব্যাক, ডেভিস কাপে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আশায় ভারত
ডেভিস কাপ ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডের কোয়ালিফায়ারে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। প্রথম দিনের দুই সিঙ্গলস ম্যাচ হেরে ০-২ পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া। তবে ডাবলস ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে টাইয়ে ফের আশা জাগিয়েছে ভারত।
প্রথম সিঙ্গলসে ভারতের ধাক্কিনেশ্বর সুরেশ মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কোয়ন সুন-উ-র। দারুণ শুরু করে সুরেশ প্রথম সেট ৬-৩-এ জিতে নেন। কিন্তু পরের দুই সেটে ঘুরে দাঁড়ান কোরিয়ান তারকা। শেষ পর্যন্ত সুন-উ ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে ম্যাচ জিতে ভারতকে ১-০ পিছিয়ে দেন।
এরপর দ্বিতীয় সিঙ্গলসে ভারতের এক নম্বর সিঙ্গলস খেলোয়াড় সুমিত নাগাল খেলেন হিয়ন চুং-এর বিরুদ্ধে। নাগালও দুর্দান্তভাবে শুরু করেন। প্রথম সেটে ৬-২ জিতে ম্যাচে নিয়ন্ত্রণ তৈরি করেন তিনি। দ্বিতীয় সেটে ৪-৩ এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচের ছবি বদলে যায়। চুং দ্বিতীয় সেট ৬-৪ জিতে সমতা ফেরান এবং তৃতীয় সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫ জিতে নেন। ফলে ভারত প্রথম দিন শেষে ০-২ পিছিয়ে পড়ে।
এরপর দ্বিতীয় দিনের ডাবলসে বদল আনে ভারত। এন. শ্রীরাম বালাজি ও ধাক্কিনেশ্বর সুরেশ জুটি নেমে পড়েন জিসুং নাম ও উইসুং পার্ক-এর বিরুদ্ধে। দুর্দান্ত লড়াইয়ে ভারতীয় জুটি ৬-৩, ৩-৬, ৬-৩ ব্যবধানে জয় তুলে নেয়। ফলে ভারত ব্যবধান কমিয়ে ১-২ করে এবং টাইয়ে টিকে থাকার আশা জিইয়ে রাখে।
এখন ভারতের সামনে শেষ দুই সিঙ্গলস। সুমিত নাগাল খেলবেন কোয়ন সুন-উয়ের বিরুদ্ধে, আর প্রয়োজনে শেষ ম্যাচে ধাক্কিনেশ্বর সুরেশের প্রতিপক্ষ হবেন হিয়ন চুং। টাই জিততে হলে ভারতকে এই দুই ম্যাচেই জয় পেতে হবে।