ম্যাক্সওয়েলের ছায়ায় নাথান এলিস! ব্যাটে-বলে অস্ট্রেলিয়ার ত্রাতা, জিম্বাবুয়ের বিরুদ্ধে হারা ম্যাচ একার হাতেই জিতিয়ে দিলেন
বল হাতে ৩/৫০, ব্যাট হাতে ৪৪ বল খেলে ৩৬ রান
জিম্বাবুয়ের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন নাথান এলিস!
হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে এমন এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখল ক্রিকেটবিশ্ব, যেখানে শেষ পর্যন্ত মাত্র এক উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একসময় অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ২৪৫/৯—জয়ের জন্য তখনও দরকার ২৭ রান। ক্রিজে একদিকে নাথান এলিস, অন্যদিকে ১১ নম্বর ব্যাটার স্পেন্সার জনসন।
এরপর শুরু হয় এলিসের অবিশ্বাস্য লড়াই।
শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৯ রান। বল হাতে ছিলেন ওয়েসলি মাধেভেরে। প্রথম বলেই এলিস লং-অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সমীকরণ নামিয়ে আনেন ৩ রানে। এরপর সিঙ্গেল নিয়ে দলকে পৌঁছে দেন জয়ের লক্ষ্যে। শেষ পর্যন্ত ৪৯.৫ ওভারে ৯ উইকেটে ২৭২ রান করে এক উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
৪৪ বলে অপরাজিত ৩৬ রান, সঙ্গে ২টি চার ও ১টি ছক্কা—ওয়ানডেতে এটিই তাঁর সর্বোচ্চ স্কোর।
তবে গল্পটা শুধু ব্যাটিংয়ের নয়। এর আগে বল হাতে ১০ ওভারে ৫০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের বড় রান করার পরিকল্পনাতেও ধাক্কা দিয়েছিলেন এলিস। তাঁর স্পেলে জিম্বাবুয়ের ইনিংসের শেষদিকে দ্রুত উইকেট পড়ে এবং ৩০০-র কাছাকাছি যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা থামে ৮ উইকেটে ২৭১ রানে।
ক্সওয়েলের ছায়া এলিসের মধ্যে! এলিসের এই অসম্ভব জয় এনে দেওয়ার দৃশ্য অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের মনে করিয়ে দিচ্ছে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের ঐতিহাসিক ২০১ রানের ইনিংসের কথা। সেবারও অস্ট্রেলিয়া ৯১/৭ হয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। কিন্তু ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্সের অবিশ্বাস্য লড়াইয়ে অস্ট্রেলিয়া ২৯২ রান তাড়া করে তিন উইকেটে জিতেছিল।
আজ অবশ্য এলিসের ইনিংস ম্যাক্সওয়েলের ২০১ নয়—কিন্তু পরিস্থিতির চাপ, শেষ উইকেটে দাঁড়িয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া এবং অসম্ভবকে সম্ভব করার মানসিকতা—এই জায়গাতেই দুই মুহূর্তের মধ্যে যেন অদ্ভুত মিল দেখা গেল।
বল হাতে ৩ উইকেট, ব্যাট হাতে অপরাজিত ৩৬,নাথান এলিস আজ শুধু ম্যাচ জেতাননি, নিজের নামও লিখে ফেললেন অস্ট্রেলিয়ার এক অবিশ্বাস্য হাইস্টেরি-জয়ের গল্পে।