প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র নির্যাতনের প্রতিবাদ: পুরুলিয়ায় ভীম আর্মির অবস্থান ধরণা
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: চাকরির পরীক্ষায় ক্রমাগত প্রশ্নপত্র ফাঁস এবং দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে সরব হলো ভীম আর্মি। সংগঠনের সুপ্রিমো তথা সংসদ সদস্য চন্দ্রশেখর আজাদের দেশব্যাপী ধরণা-বিক্ষোভের ডাককে সামনে রেখে শনিবার পুরুলিয়া জেলা কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। শহরের ট্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন ড. বি. আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে এই অবস্থান ধরণা অনুষ্ঠিত হয়।
শনিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত কয়েক বছর ধরে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে সারা দেশের ছাত্রসমাজ ও চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তার মুখে। সেই সঙ্গে দিল্লির যন্তর মন্তরে বঞ্চনার বিরুদ্ধে সরব হওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশি আচরণের তীব্র নিন্দা জানিয়ে আন্দোলনরত ছাত্রদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করা হয়। অবস্থান বিক্ষোভ থেকে দেশের সমগ্র শিক্ষাব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানো এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরানোর জোরালো দাবি ওঠে।
পুরুলিয়ার এই অবস্থান ধরণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভীম আর্মির জেলা সভাপতি অমিত কুমার বাউরি, জয়েন্ট সেক্রেটারি রামচন্দ্র কালিন্দী, উপদেষ্টা বাদল রাম এবং সহ-সভাপতি প্রেমচাঁদ রুহিদাস। এছাড়াও কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নেন মহিলা নেত্রী শুকুরমনি সিংমুড়া ও মোজাম্মেল হক সহ সংগঠনের অন্যান্য জেলা ও স্থানীয় নেতৃত্ব।
প্রতিবাদ সভা থেকে সংগঠনের নেতৃত্ব স্পষ্ট হুশিয়ারি দিয়ে জানান, যোগ্য চাকরিপ্রার্থী ও ছাত্র-ছাত্রীদের অধিকার রক্ষা না হওয়া পর্যন্ত এবং শিক্ষাঙ্গনে পূর্ণ স্বচ্ছতা না ফেরা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
প্রশ্নপত্র ফাঁস ও ছাত্র নির্যাতনের প্রতিবাদ: পুরুলিয়ায় ভীম আর্মির অবস্থান ধরণা
6:30 PM
0
