পুলিশের বড় সাফল্য: অবৈধ আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত অপরাধী গ্রেপ্তার
শেফালী মাহাতো, পুরুলিয়া: পুরুলিয়া জেলা পুলিশের ধারাবাহিক অপরাধ দমন অভিযানে মিলল বড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক কুখ্যাত অপরাধীকে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল পুরুলিয়া মফস্বল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই ২০২৬ তারিখ রাত প্রায় ৯:২৫ মিনিট নাগাদ গোপন তথ্যের ভিত্তিতে পুরুলিয়া মফস্বল থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানেই ভাঙড়া মোড় এলাকা থেকে শেখ জাবির ওরফে শেখ জাবরা নামক এক কুখ্যাত অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতের পিতার নাম মৃত শেখ মুস্তাকিন ওরফে শেখ মুস্তাক এবং বাড়ি পুরুলিয়া জেলার মফস্বল থানার অন্তর্গত হুটমুড়া গ্রামে।
ধৃতের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং একটি ৮ এম.এম. জীবন্ত কার্তুজ উদ্ধার করে বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে পুরুলিয়া মফস্বল থানায় অস্ত্র আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এই অপরাধীর বিরুদ্ধে অতীতেও একাধিক অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে। গ্রেপ্তার করে এদিন জেলা আদালতে পেশ করে মফ: থানার পুলিশ।
