বিদেশের খবর
#########
হরমুজ প্রণালির ওপর 'সম্পূর্ণ দখল' আমাদেরই: ট্রাম্পের দাবি
জয়ন্ত ভট্টাচার্য
(সাংবাদিক)
ইরানের সঙ্গে সবকিছু ঠিকঠাক চলছে বলে জানিয়ে হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের একচ্ছত্র কর্তৃত্বের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মেরিল্যান্ডের প্রিন্স জর্জেস কাউন্টির জয়েন্ট বেস অ্যান্ড্রুজে গত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, "ইরানের সঙ্গে পরিস্থিতি খুবই ভালো, এককথায় দুর্দান্ত। হরমুজ প্রণালির নিরাপত্তা এখন পুরোপুরি আমাদের হাতে। অন্য কারও নয়, শুধুই আমাদের। আমাদের নৌবাহিনী অবিশ্বাস্যরকম শক্তিশালী এবং দেশের জন্য সবকিছু ভালোভাবেই এগোচ্ছে।"
তিনি আরও যোগ করেন, "আমি ইরানকে মোটেই বিশ্বাস করি না। ওরা আমাকে বারবার মিথ্যা বলেছে। হরমুজের ওপর এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আছে, ওদের কোনো নিয়ন্ত্রণ নেই।"
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া ১২ দিনের সংঘর্ষের পর কূটনৈতিক পথে সমাধানের ইঙ্গিত মিলেছিল। ফলে উত্তেজনা কিছুটা কমেওছিল।
কিন্তু বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহন রুটটি আবার অস্থির হয়ে উঠতে পারে বলেই এখন আশঙ্কা করা হচ্ছে। অথচ বিশ্বের প্রতি পাঁচটি তেলবাহী জাহাজের একটি এই পথ দিয়েই যায়। বর্তমানে ওমান ও ইরানের মধ্যে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল ও বাণিজ্য নিয়ে আলোচনা চলছে। ভৌগোলিক অবস্থানের কারণে ওমান এখানে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানে হামলা চালায়। জবাবে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। তাতে বিশ্ববাজারে তেলের দাম লাফিয়ে বাড়ে। পরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা হওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে কয়েকদিনের মধ্যেই দুই পক্ষ ফের পাল্টা হামলা শুরু করলে ইরান আবারও প্রণালি বন্ধের পথে হাঁটে।
এই অনিশ্চয়তার জেরে গত বুধবার থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারের অন্যতম মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৭২ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৯.৬৩ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে আমেরিকার বাজারের মাপকাঠি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ৭১ সেন্ট বা ০.৯ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৩.১২ ডলারে পৌঁছেছে।
---