লড়াইয়ের আরেক নাম ইস্টবেঙ্গল! পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন, দুর্যোগ কাটিয়ে বেহালা এসএসের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র
কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে সোমবারের একমাত্র ম্যাচে দুরন্ত লড়াইয়ের পর বেহালা এসএস স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র লাল হলুদ ব্রিগেডের। এরিয়ান মাঠে অনুষ্ঠিত ম্যাচে একটা সময় দুই গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। সেখান থেকে অসাধারণ প্রত্যাবর্তন করে এক পয়েন্ট নিয়ে ময়দান ছাড়ে ইস্টবেঙ্গলের ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেহালা এসএস। প্রথমার্ধেই জোড়া গোল করে এগিয়ে যায় তারা। অপরদিকে ইস্টবেঙ্গলের হয়ে প্রথমার্ধের একটিমাত্র গোলটি করেন বিজয় মুরমু। ম্যাচের প্রথম অর্ধে প্রচন্ড বৃষ্টিপাতের কারনে কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।
বিরতির পর ম্যাচে আরো পিছিয়ে পড়ে ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতেই সুকুরাম সর্দারের গোল! ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। তবে খাদের কিনারা থাকে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ইস্টবেঙ্গল।
পিছিয়ে থেকেও মনোবল হারায়নি তারা। ম্যাচে ফিরে আসার আপ্রাণ চেষ্টা চালাতে থাকে তারা। মোহাম্মদ বিলালের গোলে ব্যবধান কমিয়ে ফেলে ইস্টবেঙ্গল। এরপর মনোতোষ মাজির গুরুত্বপূর্ণ গোলে ম্যাচে সমতা ফেরায় ইস্টবেঙ্গল।
শেষ পর্যন্ত ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্রয়ে শেষ হয় ম্যাচ। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও মনোবল হারিয়ে ফেলেনি তারা। লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট প্রাপ্তি ম্যাচ থেকে। অন্যদিকে জয়ের খুব কাছে পৌঁছে গিয়েও শেষ পর্যন্ত একটি পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো বেহালা এসএস স্পোর্টিং ক্লাবকে।